রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে ছয় দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে স্লোগান-সংবলিত মিছিল নিয়ে তারা মোড় অবরোধ করে অবস্থান নেন। এতে এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘কারিগরি ছাত্র আন্দোলন’ এর অংশ হিসেবে বুধবার সারাদেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে। এতে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল, বিতর্কিত নিয়োগবিধি সংশোধন ও ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের চাকরিচ্যুত করা।
২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল, চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম চালু এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা।
৩. উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) থেকে উত্তীর্ণদের সংরক্ষিত পদে ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৪. কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বন্ধ করে, কারিগরি শিক্ষায় শিক্ষিতদের নিয়োগ নিশ্চিত করা এবং শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ।
৫. স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ গঠন এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ প্রতিষ্ঠা।
৬. উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও) অস্থায়ী ক্যাম্পাস চালুর মাধ্যমে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ।
শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধের কারণে সাতরাস্তা ও আশপাশের এলাকায় ব্যাপক যানজট দেখা দিয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।


