গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক অভিযানে আরও এক ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত সময়ে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অন্তত ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬২৫ জন।
শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক সরকারি বিবৃতিতে বলা হয়, “ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।”
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৬৮ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রিত হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এর পর থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
চলমান যুদ্ধের মাঝে গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেও, ১৮ মার্চ থেকে আবারও নতুন করে আক্রমণ শুরু করে। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে নিহত হয়েছেন আরও ৬ হাজার ৭১০ জন এবং আহত হয়েছেন প্রায় ২৩ হাজার ৫৮৪ জন।
হামাসের হাতে অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করছে আইডিএফ। সামরিক অভিযান চালিয়ে তাদের মুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে মানবিক বিপর্যয় আরও গভীরতর হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।


