সর্বশেষ

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের ঘোষণা

ডিসিভি নিউজ ডেস্ক:

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-এর ভেতরে বিভক্তি ঠেকাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে নিশ্চিত করেছে।

গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে ইশিবার নেতৃত্বাধীন জোট ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়ে এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এ পরিস্থিতিতে নীতিগত লক্ষ্য বাস্তবায়নে সরকার বেগ পেতে শুরু করে। প্রথমে পদত্যাগের খবর অস্বীকার করলেও দলীয় অভ্যন্তরীণ চাপ ও সংকটের কারণে অবশেষে ইশিবা নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

শনিবার সন্ধ্যায় কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে বৈঠকের পর তিনি পদত্যাগে সম্মত হন। ইশিবা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি সফলভাবে বাস্তবায়িত হওয়ার পর তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এলডিপির অভ্যন্তরে এখন নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে। সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি, সাবেক মন্ত্রী সানায়ে তাকাইচি এবং প্রধান ক্যাবিনেট সচিব ইয়োশিমাসা হায়াশি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইশিবার পদত্যাগ জাপানের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। দলীয় ভাঙন রোধ ও পার্লামেন্টে প্রভাব ফিরিয়ে আনাই এখন ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা