সর্বশেষ

গাজীপুরে সাজানো নাটক, সাবেক আইজিপি-সিটিটিসি প্রধানের গ্রেপ্তারি পরোয়ানায়

ডিসিভি নিউজ ডেস্ক:

২০১৬ সালে গাজীপুরে সাজানো জঙ্গি নাটকের আড়ালে সাত যুবক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোঃ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোঃ মোহিতুল হক এনাম চৌধুরী।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন, গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সাবেক প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার (এএসপি)।

প্রসিকিউশনের আবেদনের শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এসময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলামসহ অন্যান্যরা।

শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৬ সালের ৮ অক্টোবর সারাদেশের বিভিন্ন স্থান থেকে সাতজন যুবককে আটক করে গাজীপুরের জয়দেবপুরে একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় রাখা হয়। পরে বাইরে তালা লাগিয়ে সেটিকে জঙ্গি আস্তানা হিসেবে সাজানো হয়। পরদিন সেখানে সিটিটিসি ও সোয়াটের সদস্যরা অভিযানে নামে এবং সরাসরি গুলি চালিয়ে সাতজনকেই হত্যা করে।

হত্যার পর নিহতদের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত বলে প্রচার করা হয়। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে প্রমাণ মেলে যে ঘটনাটি সাজানো এবং পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল।

তদন্তে প্রাথমিকভাবে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ায় আজ সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা