জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফঃ গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারীকে (৫০) নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধের কারণে সড়কের দুই প্রান্তে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দক্ষিণ ও উত্তরাঞ্চলগামী শতাধিক দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
নিহত মঞ্জু বেপারী গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
গৌরনদী থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে এবং শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।


