সর্বশেষ

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ নিহত ৮

ডিসিভি নিউজ ডেস্ক:

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ ও পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদসহ আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে মোট পাঁচজন যাত্রী ও তিনজন ক্রু সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও স্থানীয় সংবাদমাধ্যম ‘জয় নিউজ’ সূত্রে এ তথ্য জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে, যখন মন্ত্রীরা একটি সরকারি কার্যক্রমে অংশ নিতে সামরিক হেলিকপ্টারে করে দক্ষিণাঞ্চলের এক জঙ্গলাকীর্ণ এলাকায় যাচ্ছিলেন। জানা গেছে, তারা একটি অবৈধ খনি ইস্যুতে আয়োজিত ইভেন্টে যোগ দিতে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা যায়, যা গভীর বনাঞ্চলের ভেতর পড়ে ছিল। ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চালায় ঘানার সামরিক বাহিনী ও উদ্ধারকারী দল।

ঘানার সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট জন মাহামার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন নিহত দুই মন্ত্রী। এডওয়ার্ড ওমানে বোয়ামাহ চলতি বছরের জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। অন্যদিকে, ৫০ বছর বয়সী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এ দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রেসিডেন্ট মাহামা এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে জাতীয়ভাবে একদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও, যান্ত্রিক ত্রুটি বা খারাপ আবহাওয়া সম্ভাব্য কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শুরু করেছে ঘানার বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা