দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পের প্রভাবে ঘরবাড়ি ধসে পড়া ও সংশ্লিষ্ট দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে বলে জানা গেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিক এবং নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় একশর কাছাকাছি মানুষ আহত হয়েছে।
ঘটনার পর এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধান উপদেষ্টা শোকবার্তায় আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদার করার নির্দেশ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দেওয়া হয়েছে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ ধৈর্য ও সাহস ধরে এই বিপর্যয় মোকাবেলায় একে অপরের পাশে দাঁড়াবেন।


