সর্বশেষ

শেখ হাসিনার এপিএস লিকুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জমি ও ব্যাংক হিসাব জব্দ

ডিসিবি নিউজ ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর নামে থাকা জমি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আজ সোমবার (৭ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোঃ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত আদালতে আবেদনটি দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, লিকু তার দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকার সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের মধ্যে রয়েছে উত্তরার রাজউক থেকে বরাদ্দ পাওয়া ৩ কাঠার জমি এবং গোপালগঞ্জ সদরের ১৪ শতাংশ জমি। এছাড়াও তার দুটি ব্যাংক হিসাবে রয়েছে মোট ১০ লাখ ৮৬ হাজার ৪১২ টাকা।

দুদকের আবেদনে আরও বলা হয়, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, লিকু তার মালিকানাধীন সম্পদ অন্যত্র স্থানান্তর বা গোপন করার চেষ্টা করছেন, যা তদন্ত কাজে বিঘ্ন ঘটাতে পারে। এ প্রেক্ষিতে তার জমি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মোঃ তানজির আহমেদ জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায়। প্রসঙ্গত, গত বছরের ১৪ অক্টোবর একই আদালত গাজী হাফিজুর রহমান লিকু এবং তার স্ত্রী রহিমা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা