সর্বশেষ

আন্দোলনের মধ্যে এনবিআরে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা, ২৮ জুন থেকে লাগাতার শাটডাউনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর প্রধান কার্যালয়ে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে অলিখিত নিষেধাজ্ঞা চলছে বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এনবিআরের সামনে অবস্থান ও কলমবিরতি পালন করেন তারা। এ সময় সেবাপ্রার্থীসহ কাউকে ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে জানা গেছে।

আন্দোলনকারীরা দাবি করেন, কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে ভবনের প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে, ফলে সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীরা সেবা গ্রহণ বা কর্মস্থলে প্রবেশে বাধার মুখে পড়ছেন।

এদিকে আন্দোলনের ধারাবাহিকতায়, বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা। একইসঙ্গে তারা ঘোষণা দেন, ২৮ জুন (শনিবার) থেকে শুরু হবে ‘লাগাতার কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।

এই ঘোষণার পাশাপাশি সারা দেশ থেকে রাজস্ব খাতের কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানানো হয়েছে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশ নিতে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তারা।

রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো, পদোন্নতি এবং প্রশাসনিক সংস্কারসহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তবে এখনো কোনো সমাধান না আসায় তারা কর্মসূচি আরও তীব্র করার সিদ্ধান্ত নিয়েছেন।উল্লেখ্য, লাগাতার শাটডাউনের ফলে রাজস্ব আদায় ও করসেবা কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা