নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন এনে দেওয়া পদ্মা সেতুর উদ্বোধনের তিন বছর পূর্ণ হয়েছে গতকাল, বুধবার (২৫ জুন)। ২০২২ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেন, পরদিন ২৬ জুন সকাল ৬টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সেতুটি।
পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরুর পর থেকে গত তিন বছরে মোট ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে সেতু থেকে টোল আদায় হয়েছে ২ হাজার ৫০৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২২-২৩ অর্থবছরে পার হয়েছে ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যানবাহন, টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে যানবাহন পারাপার হয়েছে ৬৮ লাখ ১ হাজার ৩৭৪টি, টোল আদায় হয়েছে ৮৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা। ২০২৪ সালের জুন পর্যন্ত, অর্থাৎ চলতি অর্থবছরের সর্বশেষ হিসাব অনুযায়ী পার হয়েছে ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি যানবাহন, আর টোল আদায় হয়েছে ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালুর পর থেকে প্রতিবছরই যানবাহনের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। এটি দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং রাজধানীর সঙ্গে সংযোগ সহজ করে এনেছে, যা জাতীয় অর্থনীতিকেও চাঙ্গা করেছে। বিশেষজ্ঞদের মতে, এ সেতু শুধু একটি ভৌত অবকাঠামো নয় এটি বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক।


