কক্সবাজার দক্ষিণ বনবিভাগের অধীন ফাঁসিয়াখালী রেঞ্জ এর কাকারা বনবিটের কাকারা মৌজায় সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে বাদশার টেক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে দুই একর বনভূমি উদ্ধার করেছে কাকারা বনবিট।
আজ সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের (ডিএফও) মোঃ মারুফ হোসেন ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ছাদেকুর রহমান এর নির্দেশে এবং কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিটের স্টাফ এবং কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা অংশ গ্রহণ করেন।
অভিযানে কাকারা মৌজার সংরক্ষিত বনভূমির আরএস-৪৮৫০ নম্বর দাগের দুই একর জবর দখল করা বনভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীন।
কাকারা বনবিট সূত্রে জানা যায়, উদ্বারকৃত দুই একর বনভূমির অনুমানিক দাম ৫০ লক্ষ টাকা।
এ অভিযানে নিরাপত্তা জোরদার করে সম্পূর্ণ এলাকাটি দখলমুক্ত করা হয়েছে। পাশাপাশি বনভূমি দখলে যারা জড়িত ছিলেন,তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীন বলেন,যারাই বনভূমি দখল করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই। আমরা চাই সকল বনভূমি উদ্ধার হবে ভবিষ্যতে আর কেউ বনভূমি দখল করতে পারবেনা।
এ বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ছাদেকুর রহমান বলেন,সংরক্ষিত বনভূমি রক্ষার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বন বিভাগের বনভূমি,বনবিভাগ কে ফেরত দিতে হবে। দখল বা দখলের চেষ্টা করলে কাউকে কোন অবস্থায় ছাড় দেয়া হবেনা।


