নিউজ ডেস্ক : দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি আলোচিত ঘটনায় নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ অন্যান্য জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।


