সর্বশেষ

রাউজানে আবারও পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

গাজী জয়নাল আবেদীন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় আবারও পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭। এ নিয়ে গত পাঁচ দিনের মধ্যে র‌্যাব ও থানা পুলিশের পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় মোট ২টি পাইপগান, ৩টি এলজি, ২টি কার্তুজ এবং ২টি কার্তুজের খোসা উদ্ধার করা হলো।

র‌্যাব-৭ সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার রুবেল নামে এক ব্যক্তির বসতবাড়ির সংলগ্ন ঝোপের মধ্যে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি র‌্যাব-৭ রাউজানের কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান, এক রাউন্ড শিসার কার্তুজ ও দুটি খালি খোসা উদ্ধার করে। এর পরদিন ২ ফেব্রুয়ারি রাউজান থানা পুলিশ রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে একটি ডোবা থেকে ৩টি এলজি উদ্ধার করে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলমান রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা