ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪টার দিকে ভোলা শহরের নতুন বাজার জেলা বিজেপি কার্যালয়ের সামনে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, ভোলা জেলা বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী বিকাল সাড়ে ৩টার দিকে জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়, কালীবাড়ির চত্বর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের দিকে ফেরার সময় হঠাৎ বিজেপি অফিসের কাছে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মিছিলকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে নতুন বাজারে জেলা বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে ভাংচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একদল দুর্বৃত্ত বিজেপি কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও টেলিভিশন ভাঙচুর করে এবং অফিসে তালা লাগিয়ে চত্বরে বিক্ষোভ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ অভিযোগ করে বলেন, দুপুরে আমাদের অফিস বন্ধ ছিল। বিকেলে বিএনপির মিছিল চলাকালে একদল সন্ত্রাসী অফিসে হামলা চালিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ও টিভি ভাঙচুর করে। এমনকি অফিসে থাকা নির্বাচনী লিফলেট রাস্তায় ছুড়ে ফেলে ময়লা নিক্ষেপ করা হয়।
তবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক বলেন, ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছি। বিজেপি অফিস ভাংচুরের ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একদল দুর্বৃত্ত বিজেপি কার্যালয়ে প্রবেশ করে ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এখন পরিবেশ শান্ত রয়েছে। নতুন বাজার বিজেপি অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোন অপ্রীতিকর পরিবেশ রোধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।


