জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বর মাসের মধ্যেই গণভোট অনুষ্ঠানের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আটটি ইসলামী রাজনৈতিক দল।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীতে দলগুলোর শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করবে দলগুলো। এছাড়া ৫ দফা দাবির মধ্যে রয়েছে,
১. জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে আদেশ জারি,
২. নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠান,
৩. ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার,
৪. রাজনৈতিক বন্দিদের মুক্তি,
৫. অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জনসম্পৃক্ততা নিশ্চিত করা।
সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর এই জোটে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ডেভেলপমেন্ট পার্টি।
বৈঠক শেষে জোটের নেতারা বলেন, “দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন ও জনগণের অংশগ্রহণমূলক একটি স্থিতিশীল পথ তৈরি করতে গণভোট আয়োজন ছাড়া বিকল্প নেই।” তারা আরও হুঁশিয়ারি দেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।


