চট্টগ্রামে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত ৫৪তম ঐতিহ্যবাহী জশনে জুলুস। এ উপলক্ষে আয়োজকরা আগে থেকেই রোডম্যাপ ঘোষণা করেছেন। শুক্রবার (আজ) ষোলশহর আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।
এবারের জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.)। অতিথি হিসেবে থাকবেন সাহেবজাদা হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.) ও সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (ম.জি.আ.)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলুসে ড্রাম সেট আনা, নারীর অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। আয়োজকরা বলেন, রাসূলুল্লাহ (সা.) এর ধরাপৃষ্ঠে শুভাগমনের ১৫০০ বছর পূর্তি এবার। একই সঙ্গে আনজুমান ট্রাস্ট তাদের শতবর্ষ পূর্ণ করেছে। বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে পরিচিত এ জুলুস চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্যের ধারক হিসেবেও গণ্য হচ্ছে। তাই এর শরিয়তসম্মত ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব।
জুলুসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও নির্ধারিত স্বেচ্ছাসেবকরা কাজ করবেন বলে জানান তিনি। এছাড়া আয়োজক কমিটির পক্ষ থেকে আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়।
আগামীকাল সকাল ৮টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জশনে জুলুস শুরু হবে। এরপর মিছিলটি বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট ও জিইসি হয়ে একই পথে ফিরে আসবে জামেয়া মাদরাসার জুলুস মাঠে। সেখানে মাহফিল, জোহর নামাজ এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির আহ্বায়ক আমির হোসেন সোহেল, অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, তরজুমানের নির্বাহী সম্পাদক অভীক ওসমান ও আবু তালেব বেলাল।


