ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা থাকলো না।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। হাইকোর্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ আসার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হাতে লেখা আবেদন দাখিল করে। ওই আবেদনের শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতেই চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেন। এর ফলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের পথে কোনো বাধা নেই।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘ সময় পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


