সর্বশেষ

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ : রাতভর অভিযানে ভোলা ও হাতিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর অংশ হিসেবে রাতভর বিশেষ অভিযানে ভোলা ও নোয়াখালীর হাতিয়া থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাত ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন ভেদুরিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে আব্দুর রহমান রুবেল (৩৫), মো. আলী হোসেন পাটোয়ারী (৪৫), মো. আব্দুল কুদ্দুস মাতব্বর (৪৭) এবং আব্দুল কুদ্দুস চুন্নু (৭৬) কে আটক করা হয়।
অপরদিকে, একই দিন রাত ১টা থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন আঠারো বেকি এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাশ আচার্য্য (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানে আটককৃত সকলেই নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেদুরিয়া এলাকা থেকে আটক চারজনকে ভোলা সদর থানায় এবং হাতিয়া থেকে আটক একজনকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা