অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটের সমাধানে তার আশাবাদ ব্যক্ত করেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য মৌলিক সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ প্রেক্ষিতে তিনি জাতিসংঘ বিশেষ প্রতিবেদককে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় টম অ্যান্ড্রুজ রাখাইন রাজ্যে স্থিতিশীল পরিবেশ গড়ে তোলা এবং শরণার্থীদের প্রত্যাবাসনের উপযোগী পরিস্থিতি তৈরির জন্য জাতিসংঘ মহাসচিবের মানবিক চ্যানেল প্রতিষ্ঠার উদ্যোগ বিদ্বেষপূর্ণ প্রচারণার শিকার হওয়ায় হতাশা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বারোপ করায় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন।
অ্যান্ড্রুজ বলেন, “রোহিঙ্গাদের আতিথেয়তা ও সমর্থন দেওয়ার জন্য বিশ্ব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি স্থায়ী সমাধানের আশা ধরে রাখার জন্য আমরা আপনার প্রতিও কৃতজ্ঞ।”
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্ক জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপে যোগ দিতে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন টম অ্যান্ড্রুজ।


