সর্বশেষ

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থা : কঠোর বার্তায় সতর্ক করলো সরকার

নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান কর্মবিরতি ও অচলাবস্থার প্রেক্ষিতে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার দুপুরে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, রাজস্ব আদায়ের মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম ব্যাহত করায় সংশ্লিষ্টদের দ্রুত কর্মস্থলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, “আইনবিরোধী ও জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড অব্যাহত থাকলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।” সরকার আরও জানিয়েছে, দেশের বাজেট বাস্তবায়নের অন্যতম প্রধান অন্তরায় দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা, আর এর মূল কারণ এনবিআরের ভেতরে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি। এই বাস্তবতায় জাতীয় স্বার্থে এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত দুই মাস ধরে এনবিআরের কিছু কর্মকর্তা-কর্মচারী আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও রাজস্ব আহরণ কার্যক্রম ব্যাহত করে চলেছেন, যা সরকার ‘পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক’ বলেও অভিহিত করেছে।

এ অবস্থায় কাস্টমস হাউস, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসহ এনবিআরের আওতাধীন সব দপ্তরকে ‘অত্যাবশ্যকীয় সেবাখাত’ হিসেবে ঘোষণা করেছে সরকার, যাতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ সহজ হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, আলোচনার মাধ্যমে সমাধানে প্রস্তুত থাকলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছে এবং এর ফলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। সরকারের মতে, এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাজেট বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে, যা জনগণের স্বার্থের বিরুদ্ধে যাবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা