বাংলাদেশ ক্রিকেট দলের সামনে আজ এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
তিন ম্যাচের এই সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে টাইগাররা। ফলে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। তবে আজকের ম্যাচটিও নিছক নিয়মরক্ষার নয় এটি হতে যাচ্ছে পাকিস্তানকে পরাজয়ের পূর্ণ স্বাদ দেওয়ার সুবর্ণ সুযোগ।
সিরিজে টানা দ্বিতীয়বার জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে মরিয়া বাংলাদেশ শিবির। এদিকে, গতকাল দুই দলই বিশ্রামে থাকলেও বাংলাদেশ দলে একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে ওপেনিংয়ে পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে। ওপেনার নাঈম শেখের জায়গায় দেখা যেতে পারে তরুণ তানজিদ হাসান তামিমকে, যিনি লিটন দাসের সঙ্গে ইনিংসের সূচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
ব্যাটিং লাইনআপে তামিম ছাড়াও আছেন পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী অনিক। অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা পাচ্ছেন শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে থাকছেন রিশাদ হোসেন, আর পেস আক্রমণে যথারীতি আছেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ হলো তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ যদি আজকের ম্যাচে জয় পায়, তবে এটি হবে পাকিস্তানের বিপক্ষে দেশের প্রথম টি-টোয়েন্টি হোয়াইটওয়াশ যা নিশ্চিতভাবেই টাইগারদের ক্রিকেট ইতিহাসে যোগ করবে নতুন মাইলফলক।


