আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সহায়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “দেশের দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচনকে সত্যিকারের একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর উৎসবে রূপ দিতে আমরা সেনাবাহিনীর সক্রিয় সহায়তা আন্তরিকভাবে কামনা করি।”
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, “সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। তাদের সেই ভূমিকা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনন্য উদাহরণ তৈরি করেছে।”
এই বছরের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ ২৪টি দেশের মোট ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। কোর্স সম্পন্নকারী অফিসাররা ভবিষ্যতে ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


