সর্বশেষ

ঢাকাসহ তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

ডিসিবি নিউজ ডেস্ক:

আগামী ২৪ ঘণ্টায় দেশের তিনটি বিভাগ ঢাকা, খুলনা ও বরিশালে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৪ জুলাই) সকালে দেওয়া এক পূর্বাভাসে বলা হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব অঞ্চলের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টির কারণে নিম্নাঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে দমকা ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। অন্যদিকে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের দিকনির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা