আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কোনো পুলিশ সদস্য নির্বাচনসংক্রান্ত ছবি, পোস্ট, ব্যক্তিগত মন্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের জন্য আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে এসব নির্দেশনা দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোঃ ছিবগাত উল্লাহ।
ব্রিফিংয়ে সিআইডি প্রধান বলেন, নির্বাচন পরিচালনায় পুলিশের নিরপেক্ষতা ও পেশাদারত্ব সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বজায় রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বসংক্রান্ত কোনো ধরনের তথ্য প্রকাশ করা হলে তা নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
তিনি আরও বলেন, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে একটি শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া পুলিশের জন্য গৌরবের বিষয়। এ লক্ষ্যে প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অতিরিক্ত আইজিপি মোঃ ছিবগাত উল্লাহ জানান, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নির্বাচনকালীন করণীয় ও বর্জনীয় বিষয়ে ইতোমধ্যে সবাইকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা, তাদের কাছ থেকে কোনো সহযোগিতা বা উপঢৌকন গ্রহণ করাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া নির্বাচনকালীন ব্যক্তিগত খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিজের ব্যবস্থায় নিশ্চিত করার নির্দেশ দিয়ে সিআইডি প্রধান বলেন, কোনো ব্যক্তি বা পক্ষের কাছ থেকে খাবার কিংবা অন্য কোনো ধরনের সহায়তা গ্রহণ করা যাবে না।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


