সর্বশেষ

আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও গাজায় সাংবাদিক হত্যাকাণ্ড অব্যাহত

ডিসিভি নিউজ ডেস্ক:

দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আল জাজিরার ফটোগ্রাফার মোহাম্মদ সালামাসহ পাঁচজন সাংবাদিক। এ হামলায় আরও কয়েকজন উদ্ধারকর্মীও প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথমে হাসপাতালের চতুর্থ তলায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। কিছুক্ষণ পর যখন উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছান, তখন পরপর আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে সাংবাদিকসহ বহু মানুষ হতাহত হন।

গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, নিহত সাংবাদিকরা হলেন, মোহাম্মদ সালামা (ফটোগ্রাফার, আল জাজিরা), হুসাম আল-মাসরি (ফটোসাংবাদিক, রয়টার্স), মারিয়াম আবু ডাক্কা (সাংবাদিক, দ্য ইন্ডিপেনডেন্ট অ্যারাবিক ও অ্যাসোসিয়েটেড প্রেসসহ একাধিক মাধ্যম), মুয়াজ আবু তাহা (স্বাধীন সাংবাদিক), আহমেদ আবু আজিজ (সাংবাদিক, কুদস ফিড নেটওয়ার্ক ও অন্যান্য গণমাধ্যম)

ইসরায়েল-হামাস সংঘাত এখন সংবাদমাধ্যমের জন্য রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সাংবাদিক সুরক্ষা কমিটি (CPJ) জানিয়েছে, গত ২২ মাসে শুধু গাজায় ১৯২ জন সাংবাদিক নিহত হয়েছেন। তুলনামূলকভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা মাত্র ১৮ জন।

আল জাজিরার হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে বর্তমান পর্যন্ত গাজায় অন্তত ২৭৩ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এই সংখ্যা সাংবাদিকদের ওপর নজিরবিহীন সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ বহন করছে।

বিশ্বব্যাপী বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মিডিয়া প্রতিষ্ঠান হামলার নিন্দা জানিয়েছে। তারা বলছে, সাংবাদিকদের উপর এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সাংবাদিক সুরক্ষার মৌলিক নীতির লঙ্ঘন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

হামলা নিয়ে এখনো পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বা সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। এর আগে মাত্র দুই সপ্তাহ আগে আল জাজিরার খ্যাতনামা সাংবাদিক আনাস আল-শরীফ ও তার চার সহকর্মী গাজা সিটির আল-শিফা হাসপাতালের সামনে নিহত হয়েছিলেন। সে সময় ইসরায়েল স্বীকার করে যে আনাসকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল, কারণ তিনি “গাজা উপত্যকার কণ্ঠস্বর” হয়ে উঠেছিলেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা