ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার (১ নভেম্বর) থেকে সারা দেশে জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চলবে এই ৮ মাসব্যাপী নিষেধাজ্ঞা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই সময়ের মধ্যে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এর আগে গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত (১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক) ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ পরিচালিত হয়। সে সময় ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পরিস্ফুটনের মাধ্যমে উৎপাদিত পোনা বর্তমানে উপকূলীয় নদ-নদী ও মোহনাসমূহে বিচরণ করছে। এসব পোনা নিরাপদে বেড়ে উঠলে ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনধিক ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকরে সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর তদারকি চালাবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।
উল্লেখ্য, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং দেশের অন্যতম প্রধান রপ্তানি আয় উৎস। টেকসই ইলিশ উৎপাদন নিশ্চিত করতে প্রতি বছরই নির্দিষ্ট সময়ের জন্য এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


