জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার (১৪ জুলাই) থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমরা চাই, তরুণরা এই দেশের গণতান্ত্রিক ইতিহাসকে জানুক এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিখুক।”
তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ নারায়ণগঞ্জ জেলা থেকে শুরু হচ্ছে। আগামী ৪ আগস্টের মধ্যেই দেশের প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বহু নিরীহ মানুষ শহীদ হন। সেই আত্মত্যাগের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।


